রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতার খোলা চিঠি

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে রাজপথে থাকা বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা আজ অবহেলিত ও অসহায় এমন অভিযোগ তুলে দলের চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী। তার দাবি, দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতা-কর্মীদের একটি বড় অংশ এখন সাংগঠনিকভাবে উপেক্ষিত।

অন্যদিকে, সুবিধাজনক সময়ে দলের সঙ্গে যুক্ত হওয়া একটি অংশের প্রভাব বাড়ছে বলে তৃণমূলের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে তারেক রহমানের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব অভিযোগ তুলে ধরেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল খায়ের চৌধুরী। তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

চিঠিতে তিনি তারেক রহমানকে তৃণমূল নেতা-কর্মীদের আস্থার ঠিকানা ও আশার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে নেতা-কর্মীরা তার নেতৃত্বের প্রতি বিশ্বাস রেখে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেছেন।

‘তারেক রহমান মানেই আগামীর বাংলাদেশ’ এই প্রত্যাশাকে সামনে রেখেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। তবে সেই প্রত্যাশার সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বদরুল খায়ের চৌধুরী বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের অনেকেই এখন অবহেলা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। দল ক্ষমতার কাছাকাছি কিংবা রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকলে যাদের গুরুত্ব পাওয়ার কথা, তাদেরই অনেকে সিদ্ধান্ত গ্রহণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

খোলা চিঠিতে বদরুল খায়ের চৌধুরীর সবচেয়ে জোরালো প্রশ্ন ছিল দলের চেয়ারম্যান কি তৃণমূলের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত? তার অভিযোগ, বিএনপির তৃণমূল সংগঠন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতা-কর্মীদের মূল্যায়ন না করা হলে দল সাংগঠনিক ভিত্তি হারানোর ঝুঁকিতে পড়বে।

জেলা বিএনপির এ নেতা মনে করেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় এবং দলকে শক্তিশালী করার চিন্তাভাবনা মাঠপর্যায়ের সব নেতা সমানভাবে অনুসরণ করছেন না। ফলে দলের ঘোষিত আদর্শ ও সাংগঠনিক বাস্তবতার মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে।

চিঠিতে তিনি লেখেন, তৃণমূলের নেতা-কর্মীরা তারেক রহমানের ওপর আস্থা রেখেই দীর্ঘদিন অপেক্ষা করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button