ব্রেক ফেল করে বাসায় ঢুকে নিহত এক নারী

রাজধানীর মগবাজার বিয়ামের গলিতে হাইম্যাক্স ইউনানী ল্যাবরেটরিজ লিমিটেডের একটি কাভার্ড ভ্যান ব্রেক ফেল করে বাসায় ঢুকে পড়ার ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে হাতিরঝিল থানাধীন বিয়ামের গলি ও নিউ ইস্কাটনের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মাকসুদা বেগম (৩৫)। তিনি বাসাবাড়িতে কাজ করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
স্থানীয় আরিফ নামের এক ব্যক্তি বলেন, শনিবার রাত সোয়া ৮টার দিকে হঠাৎ একটি কাভার্ড্যান নিয়ন্ত্রণহীন অবস্থায় ফুটপাত পেরিয়ে স্থানীয় হাফিজ উদ্দিন নামের এক বাড়িওয়ালার ম্যাচের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় কাভার্ড ভ্যানের ডাইভার ও তার সহযোগীকে আটক করেছে স্থানীয়রা। বেলাল, আরিফ, নাসরিন আক্তার, রাসূলসহ সাতজন আহত হয়েছে বলে জানান তিনি।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, ৬-৭ জন আহত হয়েছে। তিনজনকে ঢামেকে ও দুইজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের হাতে আটক চালক ও সহযোগীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



