চীনে বন্যায় মৃতের সংখ্যা তিন শ ছাড়িয়েছে

ভারী বৃষ্টিপাতের জেরে গত মাসে চীনের হেনান প্রদেশে বন্যায় এখন পর্যন্ত ৩০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও ৫০ জন। মঙ্গলবার এক প্রতিবেদনে চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম সংবাদমাধ্যম বিবিসি।
হেনান চীনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও দরিদ্রতম একটি প্রদেশ। সেখানে বিপুল পরিমাণ কৃষিজমি ও অসংখ্য কারখানা রয়েছে। বন্যায় মৃত ব্যক্তিদের বেশির ভাগই প্রদেশটির ঝেংঝউ শহরের। প্রদেশটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি ১ কোটি ৩০ লাখ মানুষ। প্রায় নয় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
প্রাদেশিক সরকারের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌয়ে বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছে। সেখানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। শুধু ওই প্রদেশেরই ২৯২ জনের মৃত্যু হয়েছে এবং ৪৭ জন নিখোঁজ রয়েছে। সাবওয়ে ট্রেন, ভূগর্ভস্থ পার্কিং এবং টানেলে আটকা পড়েছেন লোকজন।
সোমবার ঝেংঝউয়ের মেয়র হউ হং সংবাদ সম্মেলনে বলেন, শহরের ভূগর্ভস্থ কার পার্কিংয়ে ৩৯ জনের মরদেহ পাওয়া যায়। এ ছাড়া শহরের পাতালরেল ৫ নম্বর লাইন প্লাবিত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়।
এদিকে বন্যার মধ্যেই দেশটির পূর্ব উপকূলের ঝউশান শহরে আঘাত হানে শক্তিশালী টাইফুন ইন-ফা। ফলে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে।



