জাতীয়
নভেম্বরের প্রথম সপ্তাহে বাড়তে পারে শীত

নভেম্বরের শুরুতেই দেশের আবহাওয়ায় শীতের আমেজ বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে আবহাওয়ার বর্তমান পরিস্থিতির পরিবর্তন হলে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।
বিশেষ করে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। তেঁতুলিয়া, রাজারহাট ও দিনাজপুরের মতো স্থানে দিন ও রাতের তাপমাত্রা কমে আসছে। ফলে শীতের আগমনী অনুভূতি মিলতে শুরু করেছে উত্তরাঞ্চলে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমেছে। রংপুর বিভাগের তেঁতুলিয়ায় দিন ও রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। রাজারহাট ও দিনাজপুরে তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। রাজশাহী ও ঈশ্বরদীতেও তাপমাত্রা কমেছে।



