প্রথা মেনে টানা ৮ দিন ধরে উপবাস, তরুণীর মৃত্যু!

সম্প্রতি শেষ হয়েছে জৈন ধর্মের বিশেষ অনুষ্ঠান প্রয়ুশন প্রভা। এ বছর ২৭ অগস্ট থেকে শুরু হয়েছিল এই উৎসবটি। আটদিন ব্যাপী এই উৎসবে প্রধান হচ্ছে উপবাস। আর এই উপবাসের ফলে প্রাণ হারালেন ২৫ বছরের যুবতী একতা আশুভাই গালা।
প্রথামতো ২৭ তারিখ থেকেই উপবাস শুরু করেছিলেন মুম্বইয়ের বাসিন্দা একতা। টানা আটদিন উপবাসের পর বুধবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উপবাস শুরুর দুদিন পর থেকেই তিনি অসুস্থ বোধ করেন।
তখন চিকিৎসক এবং জৈন মহারাজ তাকে পরামর্শ দিয়েছিলেন সারাদিন উপবাসে না থেকে দিনের একটা সময় উপবাস ভঙ্গ করে কিছু খেতে। জৈন মতে যাকে বলা হয় একাসান্না উপবাস।
কিন্তু একতা এই পরামর্শে রাজি হননি। অসুস্থ শরীর নিয়েই টানা উপবাস চালিয়ে যান। এমনকী তার আত্মীয় পরিজনরাও অনেক অনুরোধ করেও তার উপবাস ভাঙতে পারেনি। বুধবার মধ্যরাত থেকে আরো অসুস্থ হয়ে পড়েন একতা। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।



