
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কয়লাবাড়ি এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ এক অস্ত্র কারবারিকে আটক করে র্যাব-৫।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মজিবুর রহমান (৩২)। সে উপজেলার কয়লাবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫-এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, কলয়াবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার করার সময় মজিবুরকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কোমর থেকে ৩টি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।



