জাতীয়

ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামীমা গ্রেফতার

প্রতারণার অভিযোগে এক গ্রাহকের করা মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের দুই জনকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়। দুপুরে নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাবের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে।

তবে বাসা থেকে তাদের নিয়ে বের হতে র‍্যাব সদস্যদের বাধা দিচ্ছেন উপস্থিত গ্রাহকরা। গ্রাহকরা স্লোগান দিচ্ছেন, ‘রাসেল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।’

এর আগে ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক অনিন্দ তালুকদার।

তিনি জানান, আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আরিফ বাকের গত ২৯ মে ও জুন মাসের বিভিন্ন সময়ে ইভ্যালিতে মোটরসাইকেলসহ কিছু পণ্য অর্ডার করেন। এই গুলো সর্বোচ্চ ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও ইভ্যালি কর্তৃপক্ষ তা দেয়নি। ইভ্যালির কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সমাধান পাওয়া যায়নি। অফিসে গিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বললে খারাপ ব্যবহার করে। ওই সময় প্রতিষ্ঠানটির সিইও রাসেলের সঙ্গে দেখা করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।

মামলার বাদী আরিফ বাকের জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে থানা থেকে জানানো হয় আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button