ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণমাধ্যমে পাঠানো আলাদা শোকবার্তায় এ শোক জানান রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান।
শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিক-উল-হক বিপুল অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ আইনবিদকে হারালো।”
রাষ্ট্র প্রধান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিস্টার হক বার্ধক্যজনিত জটিলতায় শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হযেছিল ৮৫ বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোকবার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার রফিক-উল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছি প্রায় ৮৫ বছর।



