চট্টগ্রামে ‘ডোর টু ডোর শপ’ নিয়ে ঘরবন্দিদের পাশে সিএমপি

চট্টগ্রাম প্রতিনিধি: বৈশ্বিক মহামারী রূপে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মধ্যে ঘরবন্দি মানুষের খাবার-ওষুধের ব্যবস্থা করতে এবার ‘ডোর টু ডোর শপ’ নামের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি); এখন থেকে ০১৪০০৪০০৪০০- এই হটলাইন নাম্বার অথবা নিকটস্থ থানার নাম্বারে যোগাযোগ করলে বাজার নিয়ে পুলিশ বাসায় হাজির হবে।
গতকাল শনিবার থেকে চট্টগ্রাম নগরের থানাগুলোতে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য অনেরকেই চাইলেও বের হতে পারছেন না। এ কারণে জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধ বাসা-বাড়িতে পৌঁছে দিতে নগরের ১৬টি থানাতেই ‘ডোর টু ডোর শপ’ উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে প্রত্যেকটি থানা এলাকায় পুলিশ সদস্যদের কয়েকজনের একটি টিম সবসময় এ কাজে নিয়োজিত থাকবে।
এদিকে শনিবার দুপুরে ‘ডোর টু ডোর শপ’ এর কার্যক্রম নিয়ে নগরের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনকে মাইকিং করতে দেখা গেছে। এ সময় নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঘরে থাকুন, দোকানই যাবে আপনার ঘরে! ভুল শুনেননি! বাজার করতে আপনাদের দোকানে যেতে হবে না। দোকানই যাবে আপনার ঘরে!
মাইকে ওসি মহসীন আরো বলেন, ঘরে থাকা মানুষের সুবিধার্তে চট্টগ্রাম মহানগর পুলিশ শুরু করেছে ভ্রাম্যমাণ দোকান ‘ডোর টু ডোর শপ’। আপনারা সিএমপির হটলাইন ০১৪০০৪০০৪০০ নাম্বারে অথবা কোতোয়ালীবাসী কোতোয়ালী থানার নাম্বার ০৩১-৬১৯৯২২ নাম্বারে ফোন করে প্রয়োজনের কথা বলবেন। আমরা দোকান নিয়ে হাজির হবো, আপনার ঘরে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
এর আগে গত বৃহস্পতিবার থেকে অঘোষিত লকডাউন শুরুর পর নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করার সময় কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে আপনারা নিজ-নিজ ঘরে অবস্থান করুন। আপনাদের বাসায় যদি নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের প্রয়োজন হয় তাহলে থানায় ফোন করুন।
কোতোয়ালী থানার ৬১৯৯২২ এই নম্বরে ফোন করলে পুলিশ প্রয়োজনীয় ভোগ্যপণ্য বাসায় পৌঁছে দেবে- তথ্যটি মাইকে শুনে অনেকই ফোন করেন। পরে সত্যি সত্যি সেই কথাটি রেখেছে পুলিশ, করে দিয়েছে ঘরের বাজার।
এরপর গতকাল শুক্রবার পতেঙ্গা, পাঁচলাইশ সহ বিভিন্ন থানার ওসিরাও ঘরবন্দি মানুষকে বাজার করে দেওয়ার উদ্যোগ নেন। একইদিন রাতেই চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের অধীন চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও খুলশী থানা এলাকার বাসিন্দাদের অতি প্রয়োজনীয় পণ্য ও ওষুধ পুলিশ পৌঁছে দেবে জানান সিএমপির উপকমিশনার (উত্তর) বিজয় বসাক।
পুলিশের সহযোগিতা পেতে চান্দগাঁও থানা এলাকার বাসিন্দারা ০১৭৬৯-৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দারা ০১৭৬৯-৬৯৫৬৭০, বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসিন্দারা ০১৭৬৯-৬৯৫৬৬৮ ও খুলশী থানা এলাকার বাসিন্দারা ০১৭৬৯-৬৯৫৬৬৬ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।



