সারাদেশ
ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ শহরের কালিবাড়ি রোডের পৌর মিনি মার্কেট এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ দুজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. আমিনুল ইসলাম, এএসআই মো. ফারুক ও এএসআই মো. আজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৌর মিনি মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের বাধনপাড়া এলাকার মো. আরব আলীর ছেলে মো. সুমন মিয়া (২৮)। শহরের নিলয় ৫/১ নতুনপাড়ার মৃত সৈয়দুর রহমানের ছেলে উব্বিয়া মোবারক নাভিল (২৬)। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ বিষয়ে ডিবির ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



