আশরাফুলের লক্ষ্য ১০ হাজার রান

ফতুল্লায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে গতকাল শেষ দিনে ম্যাচটা হারতে বসেছিল বরিশাল। যদিও মোহাম্মদ আশরাফুল যতক্ষণ ব্যাট করছিলেন ততক্ষণ সহজ ড্র মনে হচ্ছিল। ১০৮ বলে ৬০ রান করার পথে দেশের ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আশরাফুল ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। শেষ পর্যন্ত আশরাফুলদের বরিশাল অবশ্য হারেনি। ড্র হয়েছে জাতীয় লিগের ম্যাচটা। আর ম্যাচ শেষে আশরাফুল জানালেন, ফার্স্ট ক্লাসে ১০ হাজার রান করেই ক্যারিয়ারের ইতি টানার পণ তার।
‘আমি আসলে এই বছরই টার্গেট নিয়েছি যে ফার্স্ট ক্লাসে আরও ২ হাজার রান মানে মোট ১০ হাজার রান করেই খেলা ছাড়তে চাই।’ গতকাল আশরাফুল বলছিলেন, ‘আর ২ হাজার রান করতে যত কঠোর পরিশ্রম করতে হয় তা আমি করব।’
এবারের লিগ শেষে বরিশালের হয়ে খেলার সুযোগ পান আশরাফুল। প্রথম ম্যাচের একমাত্র ইনিংসে করেছিলেন ৬। এই ম্যাচের প্রথম ইনিংসে ২১ এর পর ৬০। মৌসুমের প্রথম ফিফটি করার পথে দেশের পক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার হলো তার।
আশরাফুলের লক্ষ্য যে ১০ হাজার সেখানে বাংলাদেশের কেউ এখনো পৌঁছাননি। টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ানের সম্ভাবনা সেখানে সবার আগে বেশি ছিল। কিন্তু জীবনের দুর্ঘটনা তাকে পিছিয়ে দিয়েছে খুব। তুষার ইমরান (৯,৮২৯), নাঈম ইসলাম (৮,৩৬৭) ও ফরহাদ হোসেন (৮,২৯৯) আশরাফুলের সামনে থাকা প্রথম তিনজন ক্রমিক অনুসারে। তিনজনই খেলছেন। আশরাফুলের ১৫৮ ফার্স্ট ক্লাস ম্যাচে এখন ২৮.৯৪ গড়ে ৮,০১৮ রান। সেঞ্চুরি ২০টি।
এবারের জাতীয় লিগের পর আছে আরেকটি ফার্স্ট ক্লাস আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) । ৩৫ বছরের আশরাফুল এই মৌসুম বাদে আরও দুই মৌসুম খেললে কি আরাধ্য ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে পারবেন? ‘ইনশা আল্লাহ পারব। তেমনই আশা করি’- প্রত্যয়ী জবাব আশরাফুলের।



